
স্টাফ রিপোর্টার :( হবিগঞ্জ প্রতিনিধি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি মৌজার রঘুনন্দন রেঞ্জের আওতাধীন হরিতলা তেঁতুলগাছতলা ছড়ার পাড়ে বিভিন্ন কোম্পানির উৎস বর্জ্য ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দী গোপাল রায়ের নেতৃত্বে দীর্ঘদিন ধরে হরিতলা তেঁতুলগাছতলা ছড়ার কিনারায় বিভিন্ন কোম্পানির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষায় বৃষ্টির পানিতে সেই বর্জ্য ভেসে গিয়ে ভাটি অঞ্চলের বাড়ি-ঘর ও কৃষি জমিতে পড়ছে। ফলে কৃষক ও জেলেরা ক্ষতির আশঙ্কা করছেন।
হরিতলা গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে সালাউদ্দিন বলেন, “রাবার বাগানের ম্যানেজারের নেতৃত্বে যখন সেখানে ময়লা ফেলা হচ্ছিল, তখন আমাদের এলাকার কয়েকজন গিয়ে বাধা দেই। কিন্তু তারা বাধা উপেক্ষা করে ময়লা ফেলতেই থাকে। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।”
এ বিষয়ে শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালক নন্দী গোপাল রায় বলেন, “আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে তেঁতুলগাছতলা ছড়ার পাশের খালি জায়গায় কোম্পানির উৎস বর্জ্য ফেলার সিদ্ধান্ত নেই। হরিতলার কিছু বালুখেকো আমাদের বাধা দেয়। বালু তোলা বন্ধ করতে এবং বালুখেকোদের প্রতিহত করতেই আমরা সেখানে ময়লা ফেলছি।”
পরিবেশবিদ ও বন বিভাগ যা বলছেন
শাহপুর রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূঁইয়া বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, তিনি বিভিন্ন কোম্পানির উৎস বর্জ্য কেন আমাদের ফরেস্টের জায়গায় ফেলবেন? গ্রিন পরিবেশ বিনষ্ট করার এখতিয়ার তাকে কে দিয়েছে?”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপার) হবিগন্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “উন্মুক্ত স্থানে, নদী বা বনাঞ্চলে বর্জ্য ফেলার কারণে মাটি, পানি ও বাতাস দূষিত হয়। এতে মানবস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে।
প্লাস্টিক ও পলিথিন খেয়ে প্রাণীর মৃত্যু হয়, প্রজনন ক্ষমতা কমে যায়। বর্জ্যের রাসায়নিক, ব্যাটারি, ইলেকট্রনিক্স সামগ্রী মাটির অণুজীব ধ্বংস করে উর্বরতা নষ্ট করে। বর্ষায় বিষাক্ত পদার্থ ঝরনা ও নদীর পানিতে মিশে জলজ প্রাণীর জীবন হুমকিতে পড়ে। বর্জ্যের স্তূপে আগুন দিলে তা মানবদেহ ও প্রাণীকুলের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পাশাপাশি দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব বাড়ে।”
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গালিব আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই স্থান থেকে বর্জ্য অপসারণ করে দূষণ বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com