মাধবপুর, হবিগঞ্জ( প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হাসপাতালের পুকুরের উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত ‘ডালিয়া ভবন’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান তাকে বিষয়টি অবহিত করেন।
হাসপাতালের আনসার সদস্যরা পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে গিয়ে ভবনের ভেতরে এক ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি বেশ কয়েকদিন ধরে সেখানে পড়ে ছিল। পচন ধরায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
পরিচয় শনাক্তের জন্য স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে মরদেহের ছবি ও তথ্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি মো. সোহেল রানা আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাসপাতাল এলাকার একাধিক পরিত্যক্ত কোয়ার্টার ও ভবন দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, এসব স্থানে বহিরাগত ও মাদকসেবীদের নিয়মিত আনাগোনা রয়েছে। এ কারণে হাসপাতালের কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতে বহিরাগতদের উৎপাতের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সংশ্লিষ্টরা পরিত্যক্ত ভবন ও কোয়ার্টারগুলো দ্রুত সংস্কার অথবা নিরাপদ ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানিয়েছেন।
একইসঙ্গে তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com