মাধবপুর (প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন উদ্দিন। সভাপতিত্ব করেন- প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এখলাছুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে ২০২৬ সালে অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন উদ্দিন বলেন, শিক্ষার মানোন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এর জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের সুধীজনদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঐতিহ্যকে ধরে রেখে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালে এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোঃ এখলাছুজ্জামান ভূঁইয়া বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসগর আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোদরেকুল হোসাইন, সোলেয়মান মিয়া, জুবায়ের আহমেদ শরীফ, বাবু নারায়ণ কর্মকার, জাহাঙ্গীর আলম, শিক্ষক মোস্তাক আহমেদ, সিনিয়র শিক্ষক মোঃ আবিদ মিয়া, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন মাহমুদ, মর্তুজ আলী মেম্বার প্রমুখ।
বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফল নিশ্চিতকরণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আবিদ মিয়া ও সহকারী শিক্ষক কাজী ফারুক আহমেদ।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিতে ছিলেন সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোসলেহ উদ্দিন, এ.কে.এম কামাল উদ্দিন, ফারুক আহমেদ, নাজমুল হাসান ও রায়হান আহমেদ সম্রাট।
সুধী সমাবেশে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী, শিক্ষানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com