প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৬:০০ পি.এম
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পরও শায়েস্তাগঞ্জে বিতর্কিত ব্যক্তিকে সার ডিলার নিয়োগ।

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত মিজান উদ্দিন আহমেদ মোহনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অলিপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি সুরুজ আলীর পুত্র নাজমুল হাসান ফারুক হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবনিযুক্ত ডিলার মিজান উদ্দিন মোহনের বিরুদ্ধে একাধিক প্রমাণিত প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশ সরকারের লোগোযুক্ত নকল স্টিকারে ‘ভিত্তি বীজ’ লিখে জেলা বীজ প্রত্যয়ন অফিসারের সীল ও স্বাক্ষর জাল করে সাধারণ ধানকে ভিত্তি বীজ হিসেবে সারাদেশে বিক্রি করে আসছেন।
এর সত্যতা পাওয়া যায় পূর্বের একটি ঘটনায়। ২০২৩ সালের ১৮ ডিসেম্বর এস.এম শফিকুল ইসলাম টনু নামে এক ব্যক্তি তৎকালীন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করলে ইউএনও তার উৎপাদিত ভিত্তি বীজের নমুনা পরীক্ষাগারে পাঠান। পরীক্ষায় প্রমাণিত হয় প্যাকেটে কোন ভিত্তি বীজ নেই, সাধারণ ধান রয়েছে। এছাড়াও অনুমোদিত মজুদ ক্যাপাসিটির অতিরিক্ত বীজ গুদামজাত রাখায় তৎকালীন ইউএনও পল্লব হোম দাস ও কৃষি কর্মকর্তারা তার গুদামে অভিযান চালিয়ে জালিয়াতির প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কিছুদিন পূর্বেও তার নিজ বাড়ির পাশের গুদামে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাকে ৯ লক্ষ টাকা জরিমানা করে, যা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
স্থানীয় কৃষকদের প্রশ্ন, এত অভিযোগ ও শাস্তি প্রাপ্ত একজন ব্যক্তিকে কিভাবে ব্রাহ্মণডোরা ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ কৃষি ও শিল্প প্রধান এলাকার সার ডিলারশীপ দেওয়া হলো?
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, মিজান উদ্দিন মোহন প্রতিটি দপ্তরে গিয়ে নিজেকে হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্যের আত্মীয় (বোন জামাই) হিসেবে পরিচয় দেন, ফলে অনেক কর্মকর্তা ভয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না।
এ বিষয়ে হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও হুইপ মহোদয় দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আসলেই মিজান উদ্দিন মোহন তার বোন জামাই কিনা, নাকি তিনি এমপি মহোদয়ের নাম ভাঙিয়ে প্রতারণা করছেন তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com
All rights reserved © 2026