মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও থানা তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল।
পরিদর্শনকালে তাঁরা নদীপুর, কাটাখালী, সুনামপুর, পাহাড়পুর বাজার, পাহাড়পুর টার্মিনাল, পাহাড়পুর আশ্রম, কায়স্থহাটি ও বাঁকাহাটিসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্মকর্তারা।
এ সময় দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সর্বক্ষণ সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন তাঁরা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কর্মকর্তাদের এ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ, আনসার সদস্য ও পূজা উদ্যাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com