হবিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর অবশেষে মুক্তির স্বাদ পেলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা-শ্রমিক নাইটু রাজু মুন্ডা (৫০)। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
কারাগারে ভালো আচরণ ও সংশোধনমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে জেল কোডের ৫৬৯ বিধি এবং মানবিক বিবেচনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় তাঁর সাজা মওকুফ করা হয়। তবে সাজা মওকুফ হলেও আদালত কর্তৃক ধার্য করা ৫০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) পরিশোধ করতে না পারায় তাঁর মুক্তি বিলম্বিত হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর দেওয়া অর্থে জরিমানার টাকা পরিশোধের পর নাইটু রাজু মুন্ডার মুক্তির পথ সুগম হয়।
দীর্ঘ ২৩ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর তাঁকে নিতে পরিবারের কোনো সদস্য কিংবা পরিচিতজন কারাগারে উপস্থিত হননি। দীর্ঘদিন কারাবন্দি থাকায় জীবনের অনেক স্মৃতি ইতোমধ্যে তাঁর মন থেকে মুছে গেছে। অতীতে কী ঘটেছিল, কী কারণে সাজা হয়েছিল—সেসব বিষয়ও এখন স্পষ্টভাবে মনে করতে পারেন না তিনি।
কারাগারের দীর্ঘ বন্দিজীবন পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান নাইটু রাজু মুন্ডা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের বাকি দিনগুলো ভালোভাবে কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com