বিশেষ প্রতিনিধি, মাসুদ রানা আজমিরীগঞ্জ: ঐতিহাসিক আগস্টের তাৎপর্য, গণতন্ত্র, জনগণের অধিকার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়কে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নেকদার আলী।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশপ্রেম, ত্যাগ ও জনগণের কল্যাণে রাজনীতিকে আরও জনমুখী করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জাতির সংকটময় সময়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা যায়।