(মাধবপুর প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুরে অসহায় এক ব্যক্তির অটোরিকশা (মিশুক) জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত মোঃ ফারুক মিয়াকে (৩০) আটক করেছে মাধবপুর থানা পুলিশ। তার কাছ থেকে ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাধবপুর উপজেলার গোয়ালনগর এলাকার অভিযুক্ত ফারুক মিয়াকে আটক করে পুলিশ। তিনি গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মোঃ নাজির মিয়ার মালিকানাধীন একটি অটোরিকশা (মিশুক) মোঃ হাসান মিয়া ভাড়ায় চালিয়ে আসছিলেন। গত ৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোয়ালনগর জামে মসজিদের সংলগ্ন এলাকায় অটোরিকশাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফারুক মিয়া ও জাহাঙ্গীর মিয়া পরস্পর যোগসাজশে হাসান মিয়ার সঙ্গে কথা কাটাকাটি করেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ফারুক মিয়া চালক হাসান মিয়াকে ভয়ভীতি প্রদর্শন করে গলায় হাত দিয়ে চেপে ধরে অটোরিকশার চাবি নিয়ে নেন। পরে ঘটনাস্থল থেকে অটোরিকশাটি নিয়ে চলে যান। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরে অটোরিকশার মালিক নাজির মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার এবং অভিযুক্ত ফারুক মিয়াকে আটক করে।
স্থানীয়দের দাবি, ফারুক মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী নাজির মিয়া বলেন, “আমি একজন অসহায় মানুষ। আমার একমাত্র আয়ের মাধ্যম অটোরিকশাটি জোর করে নিয়ে যাওয়ায় আমি থানায় অভিযোগ করি। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করায় আমি কৃতজ্ঞ।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।