নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২৮ পিস ইয়াবাসহ জাকির নামে এক যুবককে আটক করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার ১৯ আগস্ট ২০২৫, সন্ধ্যায় মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, জাকিরের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক জাকির মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মো. কাদির মিয়ার ছেলে ।
মাধবপুর থানার এ এসআই মামুন জানান, “২৮ পিস ইয়াবাসহ জাকিরকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনার পর এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
তাদের অভিযোগ, মাদকের সঙ্গে জড়িত কথিত মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই শুধু খুচরা পর্যায়ের নয়, মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।