মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আশঙ্কাজনকভাবে বেড়েছে চোরের উপদ্রব।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদ থেকে মাইক, মেশিনারিজসহ মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। বাদ যাচ্ছে না সাধারণ মানুষের বাড়িঘরও। প্রতিনিয়তই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে।
মসজিদের মাইক ও যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ায় অনেক মসজিদে ৫ ওয়াক্ত আজান দেওয়া বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। একইসাথে চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং মসজিদ ও গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক।