হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসাহ, শিক্ষকদের নির্দেশনা এবং কর্মচারীদের সহযোগিতায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ কে এম শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য ফয়সল আহমদ।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসেম আলী ও দিলীপ চন্দ্র নাথ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয় দাস সুদীপ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়। তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে। শিক্ষার্থীরা তাদের জীবনে শিক্ষকদের অবদান ও শিক্ষা প্রদানের পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে উপহারসামগ্রী ও সম্মাননাপত্র (মানপত্র) তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে কেক কাটা ও নাস্তা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।