মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি: চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মোঃ মনজুর রহমান রাতুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তা আদায় করা হয়।
এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কর্তন না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কর্তন বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।