হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ পদযাত্রা-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের স্কাই কিং চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলটির নেতারা আগামী ২৮ জুলাইয়ের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশব্যাপী ‘জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচির মূল দাবি হলো— গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা।
এনসিপি জানায়, আগামী ২৮ জুলাই হবিগঞ্জ জেলায় দুই ধাপে কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৫টায় হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে থেকে দ্বিতীয় পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি তিনকোনা পুকুরপাড়, রাজনগর, পিটিআই রোড, ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, ডাকঘর এলাকা ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হলের সামনে সমাপনী পথসভার মাধ্যমে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী ১০০টি উপজেলা ও পৌরসভার জন্য দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এনসিপি। হবিগঞ্জ জেলার জন্য আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল আহমেদ এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মাহবুবুল বারী চৌধুরী মুবিনকে মনোনীত করা হয়েছে।
দলটির নেতারা বলেন, এই পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মনোনীত প্রার্থীদের পরিচিতি ও জনসংযোগ কার্যক্রমেরও অংশ। তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দলটির পক্ষ থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।