নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা আফজাল হোসেন আশিকী অভিযোগ করেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিবেশীদের নানা ধরনের হয়রানি ও চাপের মুখে রয়েছেন তিনি।
তার দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় তার বসতবাড়ির কাজ বাধাগ্রস্ত করা, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অপমানজনক আচরণ করে আসছেন। এসব ঘটনায় একাধিকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে তিনি জানান।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২৩ জুন ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কয়েকজন ব্যক্তি তার ওপর আকস্মিক হামলা চালান। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তরা মামলা বা আইনি পদক্ষেপ নিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেন।
এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনার বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন।
বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।