স্টাফ রিপোটারঃ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের টের পেয়ে ৪ জন মাদক কারবারি পালিয়ে গেছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত ০৭ আগস্ট ২০২৬, রাত ১০টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের অভ্যন্তরে মালাডোবা সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন মাদক চোরাকারবারি গাঁজাসহ পালানোর চেষ্টা করে।
এসময় ডিবি পুলিশের ধাওয়ার মুখে তারা ৬০ কেজি গাঁজা ঘটনাস্থলে ফেলে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক ৪ আসামিকে গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।