সিলেট প্রতিনিধি: আধ্যাত্মিক রাজধানী ও পূণ্যভূমি সিলেটে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট ২০২৬) নগরীতে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নিতে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের ছাত্র-জনতা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন।
সকাল ১০টা থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
জোহরের নামাজের পর বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মহানবী (সা.)-এর শানে রচিত বিভিন্ন কালজয়ী কবিতার শ্লোকসম্বলিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পায়। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে বিভিন্ন নাত ও কাসীদা পরিবেশিত হলে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে।
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান
র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত পৃথিবীতে তিনি শান্তি, কল্যাণ, ন্যায় ও মানবতার বার্তা নিয়ে এসেছিলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভ্রাতৃত্ব, সাম্য ও পারস্পরিক ভালোবাসার অনন্য দৃষ্টান্ত।
বক্তারা বলেন, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ-মমতা, বিনয়-নম্রতা, এতিম-অনাথের সহায়তা, দুর্বলের অধিকার নিশ্চিত করা এবং নারীর যথাযথ মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে মহানবী (সা.) যে আদর্শ সমাজ বিনির্মাণ করেছিলেন, তা আজও বিশ্বমানবতার জন্য অনুসরণীয়।
তারা বলেন, বর্তমান সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করতে হবে।
মীলাদুন্নবী (সা.) পালনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর শুভ জন্মের শুকরিয়া আদায় করা মুমিনদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্নভাবে আনন্দ ও শুকরিয়া প্রকাশের ঐতিহ্য রয়েছে। মহানবী (সা.) নিজে সোমবার রোজা রাখতেন এবং তাঁর জন্মদিনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্মরণ করতেন বলে বক্তারা উল্লেখ করেন।
র্যালিতে অংশ নেওয়া সর্বস্তরের জনতা মহানবী (সা.)-এর শানে বিভিন্ন কাসীদা সমস্বরে পাঠ করেন। বক্তারা এ আয়োজনকে মহানবী (সা.)-এর মদীনায় আগমনের ঐতিহাসিক স্মৃতির সঙ্গে তুলনা করেন। একইসঙ্গে হযরত উমর (রা.) ইসলাম গ্রহণের পর মুসলমানদের সুসংগঠিতভাবে কাবা অভিমুখে যাওয়ার ঘটনাকেও র্যালির ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
যারা উপস্থিত ছিলেন
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর নুমান, মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলা ও মহানগরের তালামীযে ইসলামিয়ার নেতাকর্মী, শিক্ষক, আলেম-ওলামা, শিক্ষার্থী ও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা
ঈদে মীলাদুন্নবী (সা.)-এর র্যালি সফল ও সার্থক করতে সহযোগিতা করায় সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।
তারা বলেন, সিলেটবাসীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণেই র্যালিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। র্যালির কারণে নগরবাসীর চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।