মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ভারতীয় মদ ও মনিপুরি থামি কাপড়সহ দুইজনকে আটক করেছে ৫৫ বিজিবি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি টহল দল। এ সময় ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রামদাসহ নাজু মিয়া (২৮) ও সজল মিয়া (২২)কে আটক করা হয়। অভিযান টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
অপরদিকে, একই দিন দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তের লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত সকল মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক জানান, আটক দুইজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড রোধে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।