মিজানুর রহমান মাসুদ
আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর সঙ্গে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
আলোচনায় শিক্ষার্থীদের গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, এখতিয়ার এবং স্থানীয় পর্যায়ে সহজে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রাম আদালত সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
শিক্ষার্থীরা গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে আইনি সহায়তা ও ন্যায়বিচার পেতে পারেন, সে বিষয়েও অবহিত করেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কার্যক্রমে সম্পা রাণী দেব, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ—এর পক্ষ থেকে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।