সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি’র টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে চোরাচালান হয়ে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুনের একটি চালানও উদ্ধার করা হয়।
জব্দকৃত গবাদিপশু ও পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের চোরাচালান কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।”
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।