হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটক হয়েছেন নির্বাচন কমিশনের এক কর্মচারী।
আটক ব্যক্তির নাম সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম এর নিকট শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে –
– ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
– তার নামে ২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
– ৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র
– দাপ্তরিক সিল
– নগদ ১২,১৮৫ টাকা
– ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী
বর্তমানে উদ্ধারকৃত পরিচয়পত্র ও ডিজিটাল তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।