আজমিরীগঞ্জ মাসুদ রানা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে।
শ্রদ্ধেয় জেলা কমান্ড্যান্ট জনাব মজিবুল হক, হবিগঞ্জের নির্দেশনা মোতাবেক এ দুটি কর্মসূচি পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আমির হোসেন।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশিক্ষক জনাব অজিত চন্দ্র দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার ভাতাভোগী ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং কমান্ডারবৃন্দ।
বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশবান্ধব সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আনসার ও ভিডিপির সদস্যদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক: মিজানুর রহমান মাসুদ বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক