মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে চুরির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল নামের এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরের মালামাল গ্রামের খেলার মাঠে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনার পেছনে উজ্জ্বল জড়িত বলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জমে ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রামবাসী একজোট হয়ে উজ্জ্বলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে খেলার মাঠে নিয়ে আসে। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুনে অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা জানা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।