মিজানুর রহমান মাসুদ(আজমিরীগঞ্জ প্রতিনিধি): আজ শুক্রবার আজমিরীগঞ্জের আজিমনগর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
নামাজ শেষে মসজিদের মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় তিনি ইয়াবাসহ মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক ও ইয়াবার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আজমিরীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের প্রতি সচেতন নজর রাখার আহ্বান জানান। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানান ওসি শফিকুল ইসলাম।