শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মহিপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সজল চৌধুরীসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন ও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রমি চৌধুরী ও দিয়া চৌধুরী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।
প্রধান শিক্ষক মহিপাল দাস কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।